ভোলায় সাংবাদিকের উপর হামলায় মামলার পর ফের হামলা
গত সোমবারও সন্ত্রাসীরা সাংবাদিক জাহিদ ও তার ছেলের উপর হামলা চালায়।
ভোলার চরফ্যাশনে সাংবাদিক আদিত্য জাহিদ ও তার ছেলের উপর হামলার ঘটনায় মামলার পর ফের হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা বাজারে সন্ত্রাসীরা তার উপর দ্বিতীয় দফা হামলা চালায়।
সাংবাদিক আদিত্য জাহিদ ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি ও দক্ষিণ আইচা প্রেস ক্লাবের সভাপতি।
দ্বিতীয়বার সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।
মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ভোলা সদর হাসপাতালে পাঠায়।
এর আগে গত সোমবার সাবেক সচিব মেজবাহ উদ্দিনের গণসংযোগের সময় তার লোকজনের উপর হামলার পরপরই সন্ত্রাসীরা জাহিদ ও তার ছেলের উপর হামলা চালায়। এ ঘটনায় চরফ্যাশন থানায় মামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় স্থানীয় এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী জাহিদের চেম্বারে এসে তার উপর হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জাহিদ বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা জানান পরিবারের লোকজন।
এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে জাহিদকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি।
হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের ভোলা সম্পাদক শওকাত হোসেন, ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি ও বাংলাদেশ মিরর-এর সম্পাদক আহাদ চৌধুরী তুহিন এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
