যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রোববার দুপুরে গোসলে নেমে যমুনা নদীর পানিতে তলিয়ে যায় সে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার সকাল ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধ ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন জানিয়েছেন।
এর আগে রোববার দুপুরে ওই এলাকায় গোসলে নেমে নদীর পানিতে তলিয়ে যায় সে।
মৃত ২৩ বছর বয়সী শাহরিয়ার নুর হোসেন জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কে। তিনি ওই এলাকার আলী আকবরের ছেলে।
ওসি জাহিদ হোসেন বলেন, “সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলসহ পাঁচ বন্ধু রোববার বেলা আড়াইটার দিকে এনায়েতপুর স্পার বাঁধে বেড়াতে আসেন। পরে আঁচল ছাড়া বাকি চার বন্ধু যমুনা নদীতে গোসল করতে নামেন। এ সময় জিসান হঠাৎ নদীর পানিতে তলিয়ে গেলে বন্ধুরা তাকে উদ্ধার করতে পারেননি।
“পরে সন্ধ্যায় রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়েও জিসানের সন্ধান পাওয়া যায়নি।”
তিনি বলেন, “সোমবার সকালে পুনরায় নদীতে উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। এ সময় ঘটনাস্থলের পাশেই জিসানের মরদেহ ভেসে উঠে। পরে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।”
