২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের উপরে হামলা, আহত ৮

অভিযানে ভ্রাম্যমাণ আদালত সাতটি ইটভাটাকে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের উপরে হামলা, আহত ৮

মাদারীপুর সদরে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 05:06 PM

Updated : 22 Dec 2022, 05:05 PM

মাদারীপুর সদরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের ওপরে মালিকপক্ষের শ্রমিকদের হামলায় আট জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাঁচখোলা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযানে যায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় জেএসবি ব্রিকসের মালিক সোবাহান ফকিরের লোকজন দায়িত্বরত কর্মকর্তাদের ওপর হামলা চালায়।

হামলায় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী সজিব, ভেকু মেশিন চালকসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অভিযান বন্ধ রাখা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত সাতটি ইটভাটাকে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, “আমাদের কাছে সোবাহান ফকিরের জেএসবি ব্রিকসের ভাটা ভাঙ্গার নির্দেশ ছিলো। কারণ এটা সম্পূর্ণ অবৈধ।

“কিন্তু আমরা অভিযান শুরু করলে হাজার দুয়েক লোক আমাদের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ভাটা মালিকের বিরুদ্ধে সরকারি কাজে বাধাসহ অন্যান্য বিষয় নিয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।