বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু
এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে তিন নারী ও এক কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জন।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।
মৃতরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা জলিল (৫৬), ঝালকাঠির সদর উপজেলার বাসিন্দা মনোয়ারা (৬৫), বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা রিনা বেগম (৪৫), পিরোজপুরের সদর উপজেলার বাসিন্দা লাইজু (৪০) এবং নেছারাবাদ উপজেলার বাসিন্দা তানভীর (১৬)।
তিনি বলেন, এর মধ্যে তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন ঝালকাঠি ও পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ ৪৭৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে সর্বোচ্চ ১৩৪, পটুয়াখালীতে ১০৭, পিরোজপুরে ৯৩, ভোলায় ৫৩, বরগুনায় ৬৭ ও ঝালকাঠিতে ২৩ জন।
রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩০১ ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২ হাজার ৩৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৯২ জন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
