গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ভোরে হঠাৎ করেই কারখানার ভেতরে আগুন ধরে যায়, প্রথমে নিরাপত্তা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।
ঈদের বন্ধের মধ্যে গাজীপুরের ভবানীপুর এলাকায় সোয়ান নিট কম্পোজিট নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে ওই কারখানার কাপড়ের গুদামে আগুন লাগে বলে জানান জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার এক কর্মকর্তা বলেন, ভোরে হঠাৎ করেই কারখানার ভেতরে আগুন ধরে যায়। প্রথমে নিরাপত্তা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুল মান্নান।
তিনি বলেন, মূলত কারখানার কাপড়ের গুদামে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে যায়। তবে কী কারণে আগুন ধরেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তা এখনই বলা সম্ভব নয়।
সোয়ান নিট কম্পোজিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে চারটি ফ্লোরের বিভিন্ন মেশিনসহ বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
