২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছাত্রদলের মিছিলে লাঠিপেটা, পুলিশ বলছে ‘নাশকতার চেষ্টা করছিল’

“আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। হঠাৎ পুলিশ মিছিলে লাঠিচার্জ শুরু করে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 06:34 PM

Updated : 01 Jan 2024, 06:34 PM

পাবনা শহরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

সোমবার বেলা ১২টার দিকে পাবনা শহরের দই বাজার মোড় এলাকায় এ ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটসহ অন্তত দশজন আহত হয়েছেন বলে সুইট নিজেই দাবি করেছেন।

আহতরা হলেন- সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন (২৫), ছাত্রদলকর্মী হৃদয় হোসেন (২৪), সেতু (২২) ও হাবিবুল হাসান (২৭)।

বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুইট।

ঘটনার বর্ণনায় এ ছাত্রদল নেতা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। হঠাৎ পুলিশ মিছিলে লাঠিচার্জ শুরু করে।

“পরে পুলিশ মিছিল থেকে জেলা ছাত্রদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহিল কাফি, পৌর ছাত্রদলের নেতা শিমুল, মালঞ্চি ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. মাহিন হোসেন, গয়েশপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. নাসিম হোসেনসহ বেশ কয়েকজনকে আটক করে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল থেকে দেশজুড়ে নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা, গুম ও খুনের প্রতিবাদ জানান। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট।

বেলা সাড়ে ১২টার দিকে মিছিলটি শহরের কয়েকটি সড়ক ঘুরে দইবাজার এলাকায় গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

মিছিলে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে পাবনা সদর থানার ওসি মো. রওশন আলী বলেন, “ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের নামে শহরের দই বাজার ও বড়বাজার এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা করছিলেন। এ সময় তাদের ধাওয়া দিলে পালাতে গিয়ে কয়েকজন পড়ে আহত হয়। পরে মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়।”

তবে মিছিলে বাধা দেওয়া হয়নি বলে দাবি এ পুলিশ কর্মকর্তার।