২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

২০২২ সালের ১৯ জানুয়ারি সকালে লিপিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান পিপি।

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2024, 10:18 PM

Updated : 29 Jan 2024, 10:18 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আক্তার জাহান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি উজির আলী শেখ জানান। 

দণ্ডিত রুবেল সরদার (৩২) পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালী নগর গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি উজির আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিপি খাতুনের (২৩) সঙ্গে পারিবারিকভাবে রুবেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ চলছিল। ২০২২ সালের ১৯ জানুয়ারি সকালে লিপিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন রুবেল। 

সেই সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। পরে এ ঘটনায় লিপির বাবা এলেম আলী শেখ থানায় হত্যা মামলা করেন। 

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি। 

এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলীর ভাষ্য।