হরিণাকুন্ডুতে একজনকে কুপিয়ে হত্যা
শ্বশুরবাড়ি থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন লুৎফর: পথে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে পালিয়ে যায়।
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ‘পূর্বশত্রুতার’ জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মান্দারতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ জানান।
নিহত লুৎফর রহমান (৫০) মান্দারতলা গ্রামের নায়েব আলি মন্ডলের ছেলে।
ওসি আবু আজিফ জানান, লুৎফর রহমান শ্বশুর বাড়ি থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। মান্দারতলা গ্রামের কাওসারের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই তিনি মারা যান।
নিহতের বাবা নায়েব আলি মন্ডল অভিযোগ করেন, তার ছেলে ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তার ছেলেকে হত্যা করেছে।
