ঝিনাইদহে দম্পতির লাশ উদ্ধার, আত্মহত্যার প্ররোচনা মামলা
দণ্ডবিধির ৩০৬ ধারায় ঝিনাইদহ সদর থানায় এ মামলা হয়; তবে আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পলিশ
ঝিনাইদহ সদর উপজেলায় নব-দম্পতি রমজান হোসেন রুজিব ও মুক্তা খাতুন মৃত্যুর ঘটনায় আত্নহত্যায় প্ররোচনার মামলা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ হোহেল রানা জানান, মৃত রমজান হোসেনের ভাই মো. রবিউল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দণ্ডবিধির ৩০৬ ধারায় থানায় এ মামলা করেন।
মামলায় মৃত মুক্তা খাতুনের মা সাহিদা বেগম ও বাবা গোলাম হোসেনকে আসামি করা হয়েছে।
হরিণাকুণ্ডু উপজেলা বিন্নী শ্রীপুর গ্রামের বাসিন্দা এ দম্পতির মেয়ে মুক্তার সঙ্গে জেলা সদরের তালতলা হরিপুর গ্রামের চমু শেখের ছেলে রমজানের তিন মাস আগে বিয়ে হয়।
বৃহস্পতিবার সদর উপজেলার একটি মাঠের মেহগনি গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মুক্তার হাতে মেহেদি দিয়ে লেখা ছিল, “আমি মুক্তা ও রমজান। চলে যাচ্ছি। বাড়ির দোষ।”
মামলার এজাহারে বলা হয়, রমজানের সঙ্গে মুক্তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে তাদের বিয়ে হয়। কিন্তু মুক্তার বাবা-মা এ বিয়ে মেনে না নিয়ে মেয়েকে বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দিতে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে তারা কুরুচিপূর্ণ কথাবার্তা এলাকায় প্রচার করতে থাকেন। অপমানজনক কথাবার্তা সইতে না পেরে মুক্তা ও রমজানের জীবনের প্রতি বিতৃষ্ণার সৃষ্টি হয় এবং আত্মহত্যা করেন।
ওসি বলেন, আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
