গাজীপুরে পুড়ল হকার্স মার্কেট
ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুরের কোনাবাড়ীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে ওই মার্কেটে আগুন লাগার খবর আসে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান।
তিনি বলেন, “দুই শতাধিক কাপড়ের দোকানের ওই মার্কেটে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি, কাশিমপুর সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুটি এবং কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।
“পাঁচ ইউনিটের চেষ্টায় রাত সোয়া ১টার দিকে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে।“
এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
