২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

এসএমএস দিয়ে নিখোঁজ নারী পর্যটক কক্সবাজারে উদ্ধার

বিসিএস ক্যাডারে বনবিভাগে পদায়ন দেওয়ায় তার পছন্দ হয়নি; মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাই কক্সবাজারে কটেজে অবস্থান নিয়েছিলেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2024, 04:42 PM

Updated : 09 Feb 2024, 04:46 PM

সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে নিখোঁজ নারী পর্যটককে চারদিন পর কক্সবাজারের একটি কটেজ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকার ‘এআর’ কটেজ থেকে মাহমুদা আক্তার হ্যাপীকে উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান।

৩১ বছর বয়সী মাহমুদা টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি ৪১তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তাকে বনবিভাগে পদায়ন করা হয়েছে।

২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের পর্যটকের একটি দল সেন্ট মার্টিনে বেড়াতে যায়; সেখানে মাহমুদাও ছিলেন। তারা দ্বীপটির হোটেল সি ভিউসহ কয়েকটি রিসোর্টে ওঠেন।

৪ ফেবুয়ারি সকালে এক বান্ধবীর ফোনে মাহমুদার নম্বর থেকে মেসেজ আসে, ‘আমি গোসল করে রুমে ফিরব’। এরপর থেকেই তার আর কোনো হদিস মিলছিল না।

পরে এ ঘটনায় মাহমুদার সঙ্গে রিসোর্টের কক্ষে অবস্থান করা বান্ধবী সুমা খানম টেকনাফ থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

তারই প্রেক্ষিতে পুলিশ মাহমুদার মোবাইল ফোন ট্র্যাকিং করে তাকে উদ্ধার করে বলে ওসি ওসমান গনি জানান।

মাহমুদার বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, তিনি সেন্টমার্টিন দ্বীপের সৈকতে গোসল করতে নেমেছিলেন। পানিতে ভেসে গেলে কয়েকজন জেলে তাকে উদ্ধার করে শাহপরীর দ্বীপে নিয়ে যায়। পরে সেখান থেকে একটি টমটমে করে টেকনাফ হয়ে কক্সবাজার চলে আসেন।

“মূলত বিসিএস ক্যাডারে বনবিভাগে পদায়ন দেওয়ায় তার পছন্দ হয়নি। ছাত্রী হিসেবে মেধাবী ছিলেন, প্রশাসনে ইচ্ছা থাকলেও সেখানে না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাই কক্সবাজার শহরে ফিরে তিনি কটেজে অবস্থান নিয়েছিলেন।”

আরও পড়ুন

পুরনো খবর:

‘আমি গোসল করে রুমে ফিরব’ এসএমএস দিয়ে নিখোঁজ নারী পর্যটক