পাবনায় ছাত্রলীগের বর্ধিত সভায় হামলা: দুইজনকে অব্যাহতি
তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।
পাবনা জেলা ছাত্রলীগের বর্ধিত সভায় হামলার ঘটনায় দুইজনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তারা হলেন-জেলা ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মোস্তাকিম মুহিব ও সাবেক সহ-সম্পাদক শীষ মোহাম্মদ।
বৃহস্পতিবার বিকালে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত স্বাক্ষরিত এক চিঠিতে তাদের অব্যাহতির কথা জানানো হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়ী করতে কর্মীদের নির্দেশনা দিতে বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা আহ্বান করে পাবনা জেলা ছাত্রলীগ। ওই সভায় হামলা ও ভাঙচরের ঘটনা ঘটে।
এ হামলা পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের ছেলে মুস্তাকিম মুহিব ও শীষ হাসানের নেতৃত্বে একদল যুবক করেছেন বলে প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন।
ওই ঘটনার পর মোস্তাকিম মুহিব ও শীষ মোহাম্মদকে অব্যাহতির চিঠি পাঠায় জেলা ছাত্রলীগ।
চিঠিতে বলা হয়েছে, “পাবনা জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে মোস্তাকিম মুহিব ও শীষ মোহাম্মদকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হলো।
“সেই সাথে স্থায়ী বহিষ্কার করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।”
জেলা ছাত্রলীগ বর্ধিত সভায় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে নিরবতা পালন করা হচ্ছিল।
এ সময় হঠাৎ করেই মুস্তাকিম মুহিব ও শীষ হাসানের নেতৃত্বে একদল যুবক সভা আয়োজনে তাদের পরামর্শ নেওয়া হয়নি দাবি করে জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে ধমকাতে শুরু করেন।
এ সময় শান্তভাবে বসতে বললে তারা ভাঙচুর শুরু করেন এবং সভার ব্যানার ছিঁড়ে ফেলেন। আকস্মিক হামলায় নেতা-কর্মীরা ছোটাছুটি শুরু করলে সবুজ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
তখন বিক্ষুব্ধদের চেয়ারের আঘাতে আহত হন সবুজ। পরে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সভাস্থল ত্যাগ করেন ভাঙচুরকারীরা। জেলা আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে আবারও সভা শুরু করেন।
