২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছাত্রলীগের বর্ধিত সভায় হামলার অভিযোগ

জেলা আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 08:36 PM

Updated : 14 Dec 2023, 08:36 PM

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা জেলা ছাত্রলীগের বর্ধিত সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতারা জানান।

পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মুস্তাকিম মুহিব এবং সাবেক ছাত্রলীগ নেতা শীষ হাসানের নেতৃত্বে একদল যুবক এ হামলা করেছেন বলে অভিযোগ জেলা ছাত্রলীগ নেতাদের।

প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে কর্মীদের নির্দেশনা দিতে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা আহ্বান করে জেলা ছাত্রলীগ।

সেখানে উপস্থিত নেতা-কর্মীরা বলেন, শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে নিরবতা পালন করা হচ্ছিল। এ সময় হঠাৎ করেই মুস্তাকিম মুহিব ও শীষ হাসানের নেতৃত্বে একদল যুবক সভা আয়োজনে তাদের পরামর্শ নেওয়া হয়নি দাবি করে জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে ধমকাতে শুরু করেন।

এ সময় শান্তভাবে বসতে বললে তারা ভাঙচুর শুরু করেন এবং সভার ব্যানার ছিঁড়ে ফেলেন।

আকস্মিক হামলায় নেতা-কর্মীরা ছোটাছুটি শুরু করলে সবুজ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

তখন বিক্ষুব্ধদের চেয়ারের আঘাতে আহত হন সবুজ। পরে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সভাস্থল ত্যাগ করেন ভাঙচুরকারীরা।

জেলা আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে আবারও সভা শুরু করেন।

পাবনা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত বলেন, “কতিপয় চিহ্নিত যুবক প্রকাশ্যে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তারা ছাত্রলীগের কেউ না। পরিকল্পিতভাবে তারা আক্রমণ ও সভা পণ্ডের চেষ্টা করেছে। আমরা এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ করে ব্যবস্থা নেব।”

সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, “সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের ছেলে মুহিব ছাত্রলীগে সক্রিয় নন। তারা কোনো কারণ ছাড়াই সন্ত্রাসী হামলা করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”

এদিকে, অপ্রীতিকর ঘটনার কথা স্বীকার করলেও হামলায় জড়িত নন বলে দাবি মুস্তাকিম মুহিবের।

তিনি বলেন, “আমরা ছাত্রলীগের সাথে দীর্ঘদিন জড়িত। এই সভাপতি-সম্পাদক নির্বাচিত হওয়ার বছর পেরিয়ে গেলেও তারা কমিটি পূর্ণাঙ্গ করেননি। নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলীয় কার্যক্রমও তারা স্বৈরাচারী প্রক্রিয়ায় পরিচালনা করেন।

নির্বাচনি কমিটিগুলোতে কেন আমাদের রাখা হচ্ছে না জানতে আমরা গিয়েছিলাম। এ সময় তারা আমাদের সাথে দুর্ব্যবহার করলে বঞ্চিত কর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়।”

বিষয়টিকে হামলা বলে ঘটনা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও দাবি মুস্তাকিমের।

ঘটনায় পর থেকে ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দলীয় কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।