২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ট্রাক্টরে ধাক্কা খেয়ে ইউপি সদস্য নিহত

ইজিবাইকটি থেমে থাকা ট্রাক্টর অতিক্রম করার সময় বেলালের মাথা ট্রাক্টরটির পিছনের অংশে ধাক্কা খায়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 10:18 AM

Updated : 07 Nov 2022, 10:29 AM

পঞ্চগড়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা খেয়ে ইজিবাইকের আরোহী এক ইউপি সদস্য মারা গেছেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত ) দুলাল উদ্দিন জানান, রোববার রাতে নতুনহাট জিতাপাড়া এলাকায় পঞ্চগড়-আটোয়ারি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেনের (৬৫) বাড়ি পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গাঞ্জাবাড়ি গ্রামে।

তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন বলে গড়িনাবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু জানান।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, বেলাল হোসেন পঞ্চগড় থেকে ইজিবাইকে করে স্থানীয় কয়েকজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। তার মাথা ইজিবাইকের বাইরে ছিলো।

পথে ইজিবাইকটি থেমে থাকা ট্রাক্টর অতিক্রম করার সময় বেলালের মাথা ট্রাক্টরের পিছনের অংশে ধাক্কা খায়। এ সময় তিনি মাথা ও ডান কানে গুরুতর আঘাত পান এবং এক পর্যায়ে ছিটকে পড়ে যান।

পরে ইজিবাইকের অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান দিপু।

পরিদর্শক (তদন্ত ) দুলাল জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।