টাঙ্গাইলে বাইক ও পিকআপকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৩
জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় কয়েকজন আহত হন।
শনিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান।
নিহতরা হলেন- বাসাইল উপজেলার বাসিন্দা মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা পিকআপ ভ্যানের চালকের সহকারী আব্দুল রহিম (৪০) এবং একই উপজেলার আব্দুল আলিম (৩২)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঢাকাগামী এসআই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপ ভ্যানকেও সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসিফ ও আব্দুল রহিমের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলিম মারা যান।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
এসআই আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
