বাস উল্টাপথে ঘুরতে গিয়ে চার গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল ভ্যান চালকের
গোপালগঞ্জে কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস উল্টাপথে মোড় ঘুরতে গেলে চারটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, একটি গাড়ির চাপায় নিহত হয়েছেন ভ্যানচালক।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রাজিব।
নিহত শহিদুল ইসলাম (৩৫) উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে। তিনি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির চালক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই রাজিব বলেন, মঙ্গলবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি বাস কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে উল্টাপথে মোড় ঘুরে।
এ সময় প্রথমে বাসটি একটি কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। কভার্ড ভ্যানটি সামনেই দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে সেটি গিয়ে পড়ে আরেকটি লোকাল বাসের উপর।
চার গাড়ির এই সংঘর্ষের মধ্যে দোলা পরিবহনের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম।
এসআই মো. রাজিব বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
