২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নানা বাড়ি গিয়ে নিখোঁজ, লাশ মিলল টিউবওয়েলের পাশে

চারদিন আগে শিশুটি নানার বাড়ি ঘুরতে যায়; রোববার বেলা ১২টা থেকে তার কোনো খোঁজ মিলছিল না।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 06:57 PM

Updated : 18 Dec 2023, 07:12 PM

পাবনার বেড়া উপজেলায় নিখোঁজ ছয় বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।

আমিনপুর থানার ওসি হারুনর রশিদ জানান, সোমবার সকালে সারিরভিটা পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করেন তারা।

নিহত নাফিয়া আক্তার বেড়া উপজেলার আমিনপুর বিশ্বাসপাড়া গ্রামের নাজমুল বিশ্বাসের মেয়ে।

এ ঘটনায় নাজমুল বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

স্থানীয়দের বরাতে ওসি হারুনর বলেন, “নাফিয়া চারদিন আগে তার নানার বাড়িতে ঘুরতে যায়। রোববার বেলা ১২টা থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা।

“সকালে নানার বাড়ির বাথরুম সংলগ্ন টিউবওয়েলের পাশে নাফিয়ার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।”

নিহতের বাবা নাজমুল বিশ্বাস বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে। কিন্তু কেন, কী কারণে তাকে হত্যা করেছে, তা বলতে পারছি না।”

ওসি হারুনর রশিদ বলেন, “শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”