২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিএনপি নেতা গ্রেপ্তার, দলের প্রতিবাদ

“জালালাবাদ থানার পুরোনো দুটি মামলায় পরোয়ানা থাকায় আবুল কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে।”

সিলেটে বিএনপি নেতা গ্রেপ্তার, দলের প্রতিবাদ

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2023, 09:14 PM

Updated : 14 May 2023, 09:14 PM

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জালালাবাদ থানার দুই মামলায় রোববার বিকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস। 

তিনি জানান, জালালাবাদ থানার পুরোনো দুটি মামলায় পরোয়ানা থাকায় আবুল কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে দুটি মামলা বিষয়ে এ পুলিশ কর্মকর্তা বিস্তারিত কিছু বলেননি।
দলের এ নেতার গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। 

তিনি বলেন, “নেতাকর্মীদের হয়রানি না করতে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম; তারপরও গ্রেপ্তার করা হচ্ছে। তবে হয়রানি বা গ্রেপ্তার করে আমাদের চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে না। আগামী ১৯ তারিখ সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করব।” 

এ সমাবেশ বন্ধ করতেই গণগ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি আরও বলেন, “প্রতিদিনই আমাদের দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে; রাতে গ্রেপ্তার করা হচ্ছে। অনেক নেতাকর্মী নিজেদের বাসাবাড়িতে অবস্থান করতে পারছেন না।''