নৌকার পক্ষে থাকতে চাপ: অনুসন্ধান কমিটির ডাক পেলেন শিক্ষা কর্মকর্তা
২৬ ডিসেম্বর বেলা পৌনে ১টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষকদের নৌকার পক্ষে প্রচার চালাতে এবং ভোট দিতে চাপ দেওয়ায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফ সরকারকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
সিরাজগঞ্জ-৫ (চৌহালী) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা, সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা শুক্রবার বিকালে আরিফ সরকারকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছেন।
তাকে আগামী ২৬ ডিসেম্বর বেলা পৌনে ১টার মধ্যে কমিটির দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা কর্মকর্তাকে পাঠানো নোটিসে বলা হয়েছে, “উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার একজন সরকারি চাকরিজীবী হয়েও নৌকা প্রতীকের পক্ষে নিজে ভোট প্রার্থনা করেছেন। পাশাপাশি উপজেলার মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর প্রধান ও সহকারী শিক্ষকদের নৌকার পক্ষে প্রচার চালাতে এবং ভোট দিতে চাপ সৃষ্টি করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।
“উপরোক্ত কার্যক্রম নির্বাচনি অধিক্ষেত্রের গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং ৮৪ (ক) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়েছে।”
এর আগে বৃহস্পতিবার এ ঘটনায় চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুব হাসানের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন কয়েকজন শিক্ষক।
সিরাজগঞ্জ-৫ আসনে নৌকার আব্দুল মমিন মণ্ডল।
