২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নৌকার পক্ষে থাকতে চাপ দেওয়ার অভিযোগ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌহালীর ইউএনও বলেন, “অভিযোগের কপি পেয়েছি।”

নৌকার পক্ষে থাকতে চাপ দেওয়ার অভিযোগ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

চৌহালীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফ সরকার।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 12:25 AM

Updated : 22 Dec 2023, 12:25 AM

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের নৌকার পক্ষে প্রচার চালাতে এবং ভোট দিতে চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষক। 

সিরাজগঞ্জ-৫ (চৌহালী) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, “আমি অভিযোগের একটি কপি পেয়েছি। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”  

সিরাজগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী হয়েছেন আব্দুল মমিন মণ্ডল। 

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, “উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফ সরকার একজন সরকারি চাকরিজীবী হয়েও নৌকা প্রতীকের পক্ষে নিজে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নৌকার পক্ষে প্রচার চালাতে এবং ভোট দিতে চাপ সৃষ্টি করছেন। এতে শিক্ষকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে।” 

অভিযোগকারীদের প্রধান হযরত আলী মাস্টার বলেন, “একজন সরকারি চাকরিজীবী তার পদে থেকে কারও পক্ষে ভোট চাওয়া মানে নির্বাচনের পরিবেশ নষ্ট করা। চৌহালী আসনে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়ার পক্ষে তিনি অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। 

“দেখা যাবে, অনেক শিক্ষক-শিক্ষিকা তার ভয়ে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নানা অনিয়মে জড়িয়ে পড়বেন। তাকে বদলি করা না হলে চৌহালীতে সুষ্ঠু নির্বাচন হবে না বলে আমরা মনে করছি”, বলেন হযরত আলী।  

এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারকে মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।