রাজশাহীতে বিএনপির পথসভায় লাঠিপেটার অভিযোগ, আটক ৭
নির্ধারিত স্থানের বাইরে অবস্থান কর্মসূচির পালন করায় নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রাজশাহীতে বিএনপির পথসভা ও বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার অভিযোগ উঠেছে।
নির্ধারিত স্থানের বাইরে সভা করায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ সাতজনকে আটক করা হয়েছে বলে বোয়ালিয়া মডেল থানার ওসি সোহারয়ার্দী হোসেন জানান।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সাগরপাড়া বটতলা মোড় এবং পৌনে ৪টার দিকে গণকপাড়া মোড়ে লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি বিএনপি নেতাদের।
ওসি সোহারয়ার্দী হোসেন বলেন, “জেলা বিএনপির কার্যালয়ের সামনে ভূবন মোহন পার্ক এলাকায় নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির অনুমোদন ছিল। কিন্তু তারা এর বাইরে চলে আসায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।
“পুলিশের নির্দেশ অমান্য ও কাজে বাধা দেওয়ার অভিযোগ সাতজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে রাতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আটকরা হলেন- পবা উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক মোজাফফর হোসেন, চারঘাট উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক বিএনপি নেতা এমদাদুল হক, বাঘা উপজেলার হরিরামপুরের স্বপন, বাগমারার রামরামা গ্রামের মুনির হোসেন, গোদাগাড়ীর আমিনুল ইসলাম।
রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তাফা মামুন জানান, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি পৃথক অবস্থান কর্মসূচির আয়োজন করে।
“নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ। পথসভা শুরুর পর পরই পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি আরও জানান, সেখান থেকে মিছিল নিয়ে গণকপাড়া মোড়ে গেলে সেখানেও লাঠিপেটা করে পুলিশ। এতে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দলীয় কার্যালয়ে চলে যায়। পরে সেখানে সংবাদ সম্মেলন করে এ ঘটনার নিন্দা জানায় নেতারা।
পুলিশের লাঠিপেটা সময় পড়ে গিয়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে গোলাম মোস্তফা মামুন জানান।
আহতরা হলেন- জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও অরণ্য কুসুম, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, বিএনপি কর্মী জালালুদ্দিন, বাগমারা উপজেলা ছাত্রদল কর্মী রাশেদুজ্জামান রাসেল এবং গোদাগাড়ী উপজেলা যুবদল কর্মী মিল্টন হোসন।
