চাঁদপুরের মেঘনা থেকে ১৩ ডাকাত গ্রেপ্তার
তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও স্পিডবোট জব্দ করা হয়।
চাঁদপুরে মেঘনা নদী থেকে ডাকাতির প্রস্তুকিকালে অস্ত্রসহ ১৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে শনিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে মতলব উত্তর উপজেলার মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান।
গ্রেপ্তাররা হলেন- মুন্সীগঞ্জ জেলার সাব্বির মিঝি (২৩), মহিউদ্দিন সরকার (৪১), আলামিন (২০), মো. ইমরান (২২), ফিরোজ মিঝি (২৬), জীবন বেপারী (২০), মো. আনোয়ার হোসেন (২৪), মো. জহিরুল ইসলাম (২৭), মতলব উত্তর উপজেলার মো. আক্তার হোসেন (২২), মুন্সীগঞ্জ জেলার মো. শাহিন মিয়া (২০), সুজন বেপারী (২৭), মতলব উত্তর উপজেলার কাশেম বেপারী (২৪) ও একই উপজেলার মো. সালাহ উদ্দিন (২৮)।
মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, স্পিডবোট, দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র ও মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
