জনগণ সাথে না থাকায় বিএনপির আন্দোলনের পালে কোনো দিন হাওয়া লাগেনি: দীপু মনি
“জনগণ কিন্তু উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি চায়। তারা সেই অগ্নিসন্ত্রাসী, ধর্ষণকারী ও হত্যাকারীদের চায় না।”
জনগণ সাথে না থাকায় বিএনপির আন্দোলনের পালে কোনো দিন হাওয়া লাগেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন, “যারা হরতাল, সংগ্রাম, আন্দোলনের কথা বলছেন, তারা আসলে এসব কথা দীর্ঘদিন থেকেই বলে আসছেন। কিন্তু জনগণ সাথে না থাকায় তাদের আন্দোলনের পালে কোনোদিন হাওয়া লাগেনি; এখন শেষ তিনমাসে কতটুকু লাগবে এটাও বুঝা যাচ্ছে।”
শুক্রবার (২২ সেপ্টেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে যে নির্বাচন হবে, সে নির্বাচনে সবাই ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করার অপেক্ষায় আছে।”
জনগণ ছাড়া আন্দোলন সফল হয় না উল্লেখ করে দীপু মনি বলেন, “জনগণ কিন্তু উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি চায়। তারা সেই অগ্নিসন্ত্রাসী, ধর্ষণকারী ও হত্যাকারীদের চায় না।”
শেখ হাসিনার সময়ে অভাবনীয় উন্নয়ন হয়েছে দাবি করে শিক্ষামন্ত্রী আরও বলেন, “যেসব সমস্যায় এখনও চ্যালেঞ্জ রয়েছে, সবাই বিশ্বাস করে সে সব চ্যালেঞ্জ একমাত্র শেখ হাসিনার পক্ষেই মোকাবেলা করে এগিয়ে যাওয়া সম্ভব।
“কাজেই আমি সকল রাজনৈতিক দলকে বলব, হঠকারিতা ও নেতিবাচকতার পথ পরিহার করে তারা যেন নির্বাচনের পথে আসে এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ যে সমর্থন দিবেন তা মেনে নেয়।”
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, প্রেস ক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
