নরসিংদীতে খামারিকে গুলিতে হত্যা: দুজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
গ্রেপ্তারদের বিরুদ্ধে এর আগেরও হত্যাসহ দুইটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঈদের দিন নরসিংদীর রায়পুরায় বাড়িতে ঢুকে পোল্ট্রি খামারিকে গুলি করে হত্যার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে রায়পুরার নিলক্ষা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নরসিংদী জেলা পুলিশের একাধিক দল।
তাদের কাছ থেকে একটি দেশে তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দির সুমন মিয়া (২৩) ও নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁওয়ের রাকিব (২২)।
ঈদের দিন শনিবার সন্ধ্যায় রায়পুরার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁওয়ে স্থানীয় একদল যুবক পোল্ট্রি ব্যবসায়ী জুলহাস মিয়াকে (২৮) তার বাড়ি গিয়ে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় সাদ্দাম, ইয়ামিন, হাবিব ও আমিনুল নামে আরও চারজন আহত হন।
বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই কথা জানান।
অনির্বাণ চৌধুরী বলেন, ঈদের দিন বিকালে নিলক্ষার বীরগাঁও এলাকায় ককটেল [হাতবোমা] বিস্ফোরণ ঘটিয়ে আতংক তৈরি করে উল্লাস করছিল একদল সন্ত্রাসী। এ সময় পোল্ট্রি খামারী জুলহাস মিয়াসহ স্থানীয়রা তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জুলহাস মিয়ার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে জুলহাসসহ ৫ জন গুলিবিদ্ধ হন। নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর জুলহাস মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
অনির্বাণ চৌধুরী জানান, এই ঘটনায় জুলহাসের মা হালিমা বেগম বাদী হয়ে সোমবার রাতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখাসহ পুলিশের একাধিক টিম।
তিনি জানান, বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থোলাকান্দি থেকে সুমন মিয়া ও নরসিংদীর রায়পুরার হরিপুর কাওয়াবাড়ি থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশে তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে এর আগেও হত্যাসহ দুইটি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
