নরসিংদীতে গুলিতে মুরগি ব্যবসায়ী খুন, গুলিবিদ্ধ ৪
এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
নরসিংদীর রায়পুরায় গুলিতে এক মুরগি ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন।
শনিবার সন্ধ্যায় রায়পুরার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ জানান।
নিহত জুলহাস মিয়া (২৮) ওই এলাকার শামসুল মিয়ার ছেলে। এ ছাড়া তিনি পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন।
সাদ্দাম, ইয়ামিন, হাবিব ও আমিনুল নামে আহত চারজনকে প্রথমে নরসিংদীর জেলা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরের একদল চিহ্নিত সন্ত্রাসী সম্প্রতি একাধিকবার হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।
ঈদের দিন বিকালে দলটি জুলহাস মিয়ার খামারের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটাতে থাকে।
এ সময় বোমার শব্দে খামারের মুরগি অসুস্থ হয়ে পড়ে জানিয়ে এ কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান জুলহাস মিয়া। এর জেরে সন্ত্রাসী দলের সঙ্গে জুলহাসের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দলটি সেখান থেকে চলে যায়। সন্ধ্যার দিকে পুনরায় অস্ত্র নিয়ে জুলহাস মিয়ার বাড়ি গিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে জুলহাসসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে তাদের নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
