২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ফেনসিডিল বহনের দায়ে দুজনের যাবজ্জীবন

ফেনসিডিল বহনের দায়ে ২০১৩ ও ২০১৪ সালের দুটি মামলায় সহিদ ও মোশাররফকে কারাদণ্ড দেওয়া হয়।

ফেনীতে ফেনসিডিল বহনের দায়ে দুজনের যাবজ্জীবন

ফেনী জেলা জজ আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 08:31 PM

Updated : 23 Jun 2023, 11:45 AM

ফেনীতে পৃথক মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ আসামিদের অনুপস্থিতিতে এই দুই মামলায় রায় ঘোষণা করেন বলে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দিজেন্দ্র কুমার কংশ বণিক জানান।

দণ্ডিতরা হলেন- ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়ীয়া গ্রামের বাসিন্দা মো. সহিদ উল্যাহ (৫০) এবং ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া এলাকার বাসিন্দা মো. মোশাররফ হোসেন (৫৮)।

এপিপি দিজেন্দ্র কুমার বলেন, ২০১৩ সালের ৪ এপ্রিল রাতে সদরে গিল্লাবাড়ীয়া সীমান্ত চৌকিতে ২১ বোতল ফেনসিডিলসহ সহিদ উল্যাহকে গ্রেপ্তার করে বিজিবি। এ ঘটনায় বিজিবির হাবিলদার মো. আবদুল হান্নান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

তদন্ত শেষে ফেনী মডেল থানার তৎকালীন এসআই যোবাইদুন নাহার একই বছরের ৫ মে একমাত্র আসামি সহিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত রায় দেয়।

রায়ে সহিদ উল্যাহকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আইনজীবী দিজেন্দ্র কুমার আরও জানান, ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ছাগলনাইয়ায় ৩০ বোতল ফেনসিডিলসহ মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ছাগলনাইয়া থানার তৎকালীন এএসআই আলা উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

একই বছরের ১৪ মার্চ ছাগলনাইয়া থানার এসআই মাসুদ রানা তদন্ত শেষে একমাত্র আসামি মোশাররফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেয়।

রায়ে আসামি মোশাররফকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।

আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে বা গ্রেপ্তার হলে সেদিন থেকে সাজা কার্যকর হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।