২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা

রাস্তার পাশে আখ ক্ষেত থেকে মুখোশ পরা একজন বেরিয়ে রিয়াকে কুপিয়ে পালিয়ে যান বলে জানায় পুলিশ।

ময়মনসিংহে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিহত স্কুলছাত্রীর পরিবারের আহাজারি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 08:52 PM

Updated : 09 Oct 2023, 08:52 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরের উপজেলার বাটাজোড় এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন।

নিহত রাফিয়া সুলতানা রিয়া (১৬) ওই এলাকার আব্দুর রশিদের মেয়ে। বাটাজোড় বি এম উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

স্থানীয়দের বরাতে ওসি কামাল হোসেন বলেন, প্রায় এক বছর আগে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বগার বাইত এলাকার মানিক মিয়ার ছেলে রিপনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রিয়ার। বিয়ের কয়েকদিন পরেই রিপন সৌদি আরব চলে যান।

“কিছুদিন পর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে রিয়া। তখন থেকেই সে বাবার বাড়িতে বসবাস করে আসছিল। ঘটনার দিন সকালে প্রাইভেট থেকে বাড়িতে ফেরে রিয়া।

“বেলা ১২টার দিকে পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে আখ ক্ষেত থেকে মুখোশ পরা একজন বেরিয়ে রিয়াকে কুপিয়ে পালিয়ে যান।”

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি কামাল।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

রিয়ার বাবা রশিদ বলেন, “বিয়ের তিন দিন পর জামাতা সৌদি আরব চলে গেলে মেয়েকে বাড়িতে নিয়ে আসি। কে বা কারা তাকে মেরেছে আমি জানি না। তবে, শ্বশুরবাড়ি থেকে মেয়েকে নিয়ে আসার পর কিছুদিন ভরণপোষণ দিয়েছিল জামাতা।

“এরমধ্যে বেশ কিছুদিন মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এ ঘটনা পেছনে যে বা যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি কামাল।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, অপরাধী যেন দ্রুত গ্রেপ্তার হয় সে জন্য উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।