২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা পাচার: কক্সবাজারে রোহিঙ্গাসহ ৪ জনের মৃত্যুদণ্ড

আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা দিয়েছেন বিচারক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2022, 02:38 PM

Updated : 16 Nov 2022, 03:08 PM

কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গাসহ চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল দেড় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. বশির আহমদের ছেলে মোহাম্মদ আয়াজ (৩৪), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউজ দক্ষিণ হাজীপাড়ার মকবুল আহমেদের ছেলে মোহাম্মদ বিল্লাল (৩৭), খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার পঞ্চরাম পাড়ার মকবুল আহমদের ছেলে মো. আজিমুল্লাহ (৪৩) ও একই এলাকার ফয়জুল হকের ছেলে আবুল কালাম (৩৭)।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, ২০২১ সালে দায়ের করা এ মামলার দণ্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় আয়াজ ও বিল্লাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন; বাকিরা পলাতক।

মামলার ফরিদুল বলেন, ২০২০ সালের ২৩ অগাস্ট রাতে র‍্যাব-১৫ এর একটি দল কক্সবাজার শহরের মাঝির ঘাটে খুরুশকুল ব্রিজ সংলগ্ন বাঁকখালী নদীতে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালায়। এ সময় আয়াজ ও বিল্লালকে আটক করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরও ৪/৫ জন পালিয়ে যায়। পরে ট্রলারটিতে তল্লাশি করে ১৩ লাখ ইয়াবা এবং ১০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-১৫ এর নায়েক সুবেদার মো. হারুনুর রশীদ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার আসামি আয়াজ ও বিল্লাল আদালতে জবানবন্দিও দেন।

মামলার তদন্ত শেষে র‍্যাব-১৫ এর এসআই মোহাম্মদ সোহেল সিকদার ২০২১ সালের ১০ জুন আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।