২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ২ শিশুকে নিয়ে ‘পুকুরে ঝাঁপিয়ে’ গৃহবধূর মৃত্যু, এক শিশু নিখোঁজ

মুমূর্ষু অবস্থায় আরেক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 10:33 PM

Updated : 02 Aug 2023, 10:44 PM

কক্সবাজারের টেকনাফে ‘স্বামীর সঙ্গে অভিমান করে দুই শিশুকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে’ গৃহবধূর মৃত্যু হয়েছে; এক শিশু নিখোঁজ রয়েছে। মুমূর্ষু অবস্থায় আরেক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টা দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের বেইংগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান।

৩২ বছর বয়সি নিহত রুমানা আক্তার রুনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। 

সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম বলেন, “নিখোঁজ ৪০ দিন বয়সি কন্যা শিশুর কোনো নাম রাখেনি। মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো ৫ বছর বয়সি শিশুটির নাম মোহাম্মদ ইয়াছিন।

“পারিবারিক কলহের জেরে এক মাস ধরে গৃহবধূর স্বামী আবদুর রাজ্জাককে এলাকায় দেখা যাচ্ছে না। স্বামীর ওপর অভিমান করে দুই ছেলে-মেয়েসহ বিষপান করে আত্মহত্যা করতে পুকুরে ঝাঁপ দেন ওই গৃহবধূ।”

ইউপি সদস্য সেলিম আরও বলেন, “তাদের ৯ বছর বয়সি অপর ছেলে মোহাম্মদের চিৎকারে আশপাশের লোকজন এসে ইয়াছিনকে উদ্ধার করে হাসপাতালে নেন। পরে দুপুরে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।”

মোহাম্মদ জানায়, দীর্ঘদিন ধরে তার বাবা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না। তাদের খাবারের ব্যবস্থাও করে দিচ্ছেন না। এক মাস ধরে বাবা বাড়িতেও আসছেন না। মা ফোন করলে বাবা অকথ্য ভাষায় গালাগালি করেন। আজ সকালে তাদের মা তিন ভাই-বোনকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করেন। ওষুধ মুখে দেওয়ার সময় গন্ধ পেয়ে না খেয়ে দৌড়ে পালায় মোহাম্মদ। পরে তার ছোট দুই ভাই-বোনকে ওষুধ খাইয়ে দুজনকে নিয়ে পুকুরে ঝাঁপ দেন মা। এ সময় সে চিৎকার করলে স্থানীয় লোকজন পুকুর থেকে ছোট ভাই ইয়াছিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিয়াদ মাহমুদ ফায়েজ চৌধুরী বলেন, বেলা ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় ইয়াছিন নামে পাঁচ বছরের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনের। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

জানতে চাইলে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা উত্তম কুমার ব্যানার্জি বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে রুমানা আক্তারকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। তবে ৪০ দিনের শিশুটির এখনও খোঁজ মেলেনি।”

এ বিষয়ে জানার জন্য আবদুর রাজ্জাকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ওসি মোহাম্মদ জোবাইর জানান, নিখোঁজ কন্যা শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত আছে।