হবিগঞ্জে কালনী নদীতে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
মঙ্গলবার দুপুরে মরিয়ম বিবি বাড়ির পেছনে কালনী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে আজমিরীগঞ্জ বাঁশ বাজারের পার্শ্ববর্তী নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন কাকাইলছেও নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ অপু দাস।
মারা যাওয়া মরিয়ম বিবি (২৮) উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। একবছর আগে মরিয়ম বিবি ও আমজাদের বিয়ে হয়।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে মরিয়ম বিবি বাড়ির পেছনে কালনী নদীতে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি পানির স্রোতে নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
স্থানীয় ইউপি সদস্য মো. মহিবুর মিয়া বলেন, পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করলেও মরিয়মের কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার তার মরদেহ নদীতে ভেসে উঠেছে।
কাকাইলছেও নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ অপু দাস বলেন, নারীর পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা হয়েছে। আবেদন গৃহীত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
