২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষা দিল সানজিদা

বরগুনায় সাবেক ইউপি সদস্যকে ‘কুপিয়ে হত্যা’ করেছে প্রতিপক্ষরা।

বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষা দিল সানজিদা

এসএসসি পরীক্ষা দিচ্ছে সানজিদা ইসলাম রিয়া।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2023, 07:17 PM

Updated : 03 May 2023, 07:17 PM

বরগুনায় হামলায় নিহত সাবেক এক ইউপি সদস্যের মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে তার মেয়ে। 

বুধবার ছিল এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। 

মঙ্গলবার রাতে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে হত্যা করে একদল হামলাকারী।

আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামের বাসিন্দা নিহত শফিকুল ইসলাম পনুর মেয়ে সানজিদা ইসলাম রিয়া এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে সে পরীক্ষা দিচ্ছে। 

পুলিশ জানায়, সকালে শফিকুলের মেয়ে সানজিদা বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে বাবাকে শেষবার দেখে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ধীমান চন্দ্র রায় জানান, পরীক্ষায় বসতে সানজিদাকে যথেষ্ট মানসিক সাপোর্ট দেওয়া হচ্ছে। সে ভালোভাবে পরীক্ষা দিয়েছে। 

শফিকুলের স্ত্রী ছবি আক্তার বলেন, “রাতে ‘ঠাণ্ডা বাহিনীর’ ২০ থেকে ২৫ জন লোক রামদা ও টেঁটা দিয়ে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও ওরা মারধর করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।” 

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ‘ঠাণ্ডা গ্রুপ’ ও ‘পনু গ্রুপের’ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সাবেক ইউপি সদস্য শফিকুলকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

তিনি জানান, এ ঘটনায় দুপক্ষের ৬ জন গুরুতর জখম হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়ে আবদুল হালিম বলেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

বরগুনায় পূর্ব বিরোধের জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা