মুন্সীগঞ্জ হাসপাতালের ছাদে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
অভিযোগের সত্যতা পাওয়ার পর ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।
মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ছাদে নিয়ে এক কিশোরী ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মামলাটি হয় বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানিয়েছেন।
আসামি মো. শেখ শাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার চরমশুরা গ্রামের মো. হাবিবুর রহমান শেখের ছেলে। তারা শহরের দুধ বাজার সংলগ্ন খালইস্ট এলাকায় থাকেন।
মামলার এজাহারে বলা হয়, ওই কিশোরীকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে জোর করে ছাদে নিয়ে ধর্ষণ করেন শাকিল। ওই কিশোরী তার মায়ের কাজের সূত্রে বিভিন্ন সময়ে হাসপাতালে যেতেন।
ওসি তারিকুজ্জামান বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে শাকিলকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে। আসামি শাকিলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বলেন, শাকিলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পৌর ছাত্রলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
