১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রয়েল কেয়ার হাসপাতালে দগ্ধ শিশুটি মারা গেছে, বাবার মামলা

সন্তানের মৃত্যুর ঘটনায় চকবাজার থানায় রয়েল কেয়ার হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছেন গোলাম রাব্বানী।

রয়েল কেয়ার হাসপাতালে দগ্ধ শিশুটি মারা গেছে, বাবার মামলা

ফিাইল 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 04:56 PM

Updated : 12 Nov 2026, 04:56 PM

ঢাকার রয়েল কেয়ার হাসপাতালের ‘এনআইসিইউ ইনকিউবেটরে ওভার হিটে’ দগ্ধ শিশুটি মারা গেছে।

বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১১ নম্বর ওয়ার্ডে এনআইসিইউতে মৃত্যু হয় শিশুটির। তার লাশ ময়নাতনদের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সন্তানের মৃত্যুর ঘটনায় চকবাজার থানায় রয়েল কেয়ার হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছেন গোলাম রাব্বানী।

বগুড়ার কাহালু উপজেলার পলি বগুই গ্রামের রাব্বানী-শাপলা দম্পতির এ সন্তান ভূমিষ্ঠ হয় গত শনিবার ভোরে; ঢাকা মেডিকেলের ২১২ নম্বর ওয়ার্ডে। জন্মের পর শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকরা তাকে দ্রুত এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখার পরামর্শ দেন। কিন্তু ঢাকা মেডিকেলে শয্যা না পেয়ে ওই নবজাতককে নেওয়া হয় চাঁনখারপুলের রয়েল কেয়ার হাসপাতালে।

গোলাম রাব্বানীর অভিযোগ, রয়েল কেয়ার হাসপাতালে নেওয়ার পর তিনি ও তার ভাতিজা রেজাউল মিলে ভর্তিসংক্রান্ত কাগজপত্র ঠিক করতে যান।

হঠাৎ চারদিকে চিৎকার শুনে এনআইসিইউয়ের দিকে ছুটে গিয়ে তারা দেখেন, যে ইনকিউবেটরে শিশুটিকে রাখা হয়েছিল, অতিরিক্ত উত্তপ্ত (ওভার হিট) হয়ে তাতে আগুন জ্বলছে। ওই আগুনে তার সন্তানের শরীর ঝলসে যায়। পরে স্বজনরা প্রথমে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং পরে ঢাকা মেডিকেলের এনআইসিইউতে ভর্তি করান।

ঘটনার পর কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়, শিশুটিকে এনআইসিইউতে ভর্তির প্রক্রিয়া চলছিল। তার আগেই তাকে বেডে রাখা হয়। তখন ‘দুর্ঘটনাবশত’ ওই ঘটনা ঘটেছে। ‘শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটতে পারে’ বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে।

চকবাজার মডেল থানার এসআই দয়াল হরি ভৌমিক বলেন, “পরিবার হাসপাতালটির বিরুদ্ধে মামলা করেছে, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”

“নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে বলেও তিনি জানান।

পুরনো খবর:

ঢামেকে এনআইসিইউতে জায়গা না পেয়ে অন্য হাসপাতালে, শরীর ঝলসে আশঙ্কাজনক নবজাতক