২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাছ বিক্রেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

মামলার রায়ে তিনজনকে খালাস দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 07:37 PM

Updated : 19 Jun 2023, 07:37 PM

সিলেটে মাছ বিক্রেতা সোহাগ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. জুবায়ের বখত জুবের জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট নগরীর ঘাসিটুলা সবুজ সেনা বি-ব্লকের ৭০ নম্বর বাসার মো. শাকিল আহমদ, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া বাবুল চেয়ারম্যানের বাড়ির সামনের বাসিন্দা ও বর্তমানে নগরের ঘাসিটুলা বেতেরবাজার ১৫৬ নম্বর বাসার বাসিন্দা জয় আহমদ দিপু এবং ঘাসিটুলা সবুজসেনা বি-ব্লকের ৭৫ নম্বর বাসার সাইয়ুম আহমদ।

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, সোহাগ আহমদ বগুড়া সদর উপজেলার আলিয়া বাজার ঝোপগারি পূর্বপাড়া এলাকার আশরাফ আলী ছেলে এবং সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ডের মজুমদারপাড়া ময়না মিয়ার কলোনিতে ভাড়া থাকত। নগরীর কাজিরবাজারে মাছ বিক্রি করত সোহাগ আহমদ (১৭)।

২০১৮ সালের ১৩ এপ্রিল রাত ৮টার দিকে দুর্বৃত্তরা তাকে বাসা থেকে ডেকে নেয়। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ১৬ এপ্রিল সোহাগের মরদেহ কোতোয়ালী থানার এলজিইডি ভবনের পেছনে গাভিয়ার খালে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। তার দেহে ছুরিকাঘাতের চিহ্ন ও হাত-পায়ের রগ কাটা ছিল।

এ ঘটনায় নিহতের মা ফুল বানু বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা ও গুমের মামলা করেন। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর ছয় আসামিকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আব্দুল বাতেন ভূঁইয়া। মামলায় ১৯ আসামির মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন।

পিপি জানান, রায়ে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পেনাল কোডের ২১০ ধারায় তাদের প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন বিচারক।

রায়ে তিনজনকে খালাস দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী।