যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় ঝরল যুবকের প্রাণ
“সন্তানের মুখ দেখার আগেই ও এভাবে চলে গেল। আমরা মানতেই পারছি না।”
ঢাকার যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় আরিয়ান নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৭ বছর বয়সী আরিয়ান ফুটপাতে জুতা বিক্রি করতেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। আরিয়ান ঢাকার যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় থাকতেন।
আরিয়ানের বেয়াই সোহাগ মিয়া জানান, আরিয়ান ব্যবসায়িক কাজ সেরে ভোররাত সাড়ে ৩টার দিকে বাসায় ফিরছিলেন। পথে জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন।
সোহাগ বলেন, “পরবর্তীতে স্থানীয় পথচারীরা আরিয়ানের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে আমাকে ফোন দেন। আমি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই।
“সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।”
সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরিয়ানকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
সোহাগ মিয়া বলেন, আরিয়ান বছরখানেক আগে মিম নামের একজনকে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা।
“সন্তানের মুখ দেখার আগেই ও এভাবে চলে গেল। আমরা মানতেই পারছি না।”
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
