২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কম দামে মাংস বিক্রি করায়’ খুন হলেন কসাই

পুলিশ জানায়, হাটে মামুন ৬৫০ টাকা এবং খোকন ৭০০ টাকা দরে গরুর মাংস বিক্রি করা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

‘কম দামে মাংস বিক্রি করায়’ খুন হলেন কসাই

মাংস বিক্রেতা মামুন হোসেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 05:02 PM

Updated : 20 Jan 2024, 05:28 PM

রাজশাহীর বাঘা উপজেলায় কম দামে মাংস বিক্রি করা নিয়ে কথা কাটাকাটির জেরে এক কসাইকে অপর এক মাংস বিক্রেতা খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাটে এ ঘটনা ঘটে বলে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান। 

নিহত মাংস বিক্রেতা মামুন হোসেন (৩০) আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আমিনুল বলেন, ওই হাটে মামুন ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি করছিলেন। এ সময় একই গ্রামের খোকন হোসেনও পাশের একটি দোকানে ৭০০ টাকা দরে মাংস বিক্রি করছিলেন।

তিনি বলেন, হঠাৎ দুইজনের মধ্যে মাংসের দাম নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে খোকন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে জখম করে।  

পরে স্থানীয়রা তাকে মামুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি। 

আমিনুল ইসলাম আরও বলেন, মামুন ও খোকন মামাতো-ফুফাতো ভাই। তারা একসঙ্গে মাংসের ব্যবসা করতেন। কিছু দিন থেকে তারা পৃথকভাবে ব্যবসা করছেন। শনিবার তারা দুইজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। খোকনকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।