২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিআরটিসির বাস ও ট্রাকে আগুন, মহাসড়কে দূরপাল্লার গাড়ি কম

জৈনাবাজার ও বেড়াইদেরচালায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হরতালকারীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 01:28 PM

Updated : 29 Oct 2023, 03:49 PM

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের মধ্যে গাজীপুরের টঙ্গীতে একটি বিআরটিসির দোতলা বাসে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।

সেইসঙ্গে শ্রীপুর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় চারটি বাসের কাচ ভাংচুর করেছে হরতালকারীরা। উপজেলার জৈনাবাজার এলাকা ও বেড়াইদেরচালা ১ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে পিকেটাররা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে ঢাকাগামী বিআরটিসির দোতালা বাসে আগুন দেওয়া হয় বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান।

চালকের বরাত দিয়ে ওসি মুস্তাফিজুর বলেন, “বাসের দোতলায় যাত্রীবেশে তিন চারজন যাত্রী ছিলেন। নিচেও ছিলেন কয়েকজন। আরও যাত্রী তুলতে বাসটি দাঁড়িয়ে ছিল। একটা সময়ে দোতলার যাত্রীবেশে থাকা লোকজন আগুন ধরিয়ে দিয়ে দ্রুত নেমে যায়।”

পরে স্থানীয় লোকজন বাসের আগুন নিভিয়ে ফেলেন। বাসের কয়েকটি সিট পুড়েছে জানিয়ে ওসি বলেন, “আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

আগের রাতে বাস ও বাইকে আগুন দেওয়ার পর রোববার সকাল ৯ টার দিকে জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকায় মিনি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে জয়দেবপুর থানার ওসি মো. মাহতাব উদ্দিন জানান।

তিনি বলেন, “সকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি তিন টনের মিনি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। আমরা ধারণা করছি হরতাল সমর্থনকারীরা ওই ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে।“

শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে। আগুনে ওই গাড়ির সামনে থাকা সিট পুড়ে গেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে বিল্লাল হোসেন বলেন, “মোটরসাইকেলে  করে তিনজন যুবক জয়দেবপুর থানার পাশে দাঁড়িয়ে থাকা ওই গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে।  গাড়িটি স্থানীয় একটি পোশাক কারখানার।

এদিকে সকাল সাড়ে ৭টা থেকে ১০টার মধ্যে হরতালের সমর্থনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিএনপি কর্মীরা।

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন,  “পুলিশের টহলের মধ্যেই দুর্বৃত্তরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে মুহর্তেই ঘটনাস্থল থেকে সরে যায়। এ বিষয়ে পুলিশ তদন্তে নেমেছে।”

হরতালের আগের রাতে গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়, সেই সঙ্গে হয় বোমাবাজি।

কালীগঞ্জ থানার এসআই মো. মশিউর রহমান খান বলেন,” দুর্বৃত্তরা প্রথমে চারটি ককটেল নিক্ষেপ করে। সেগুলোর মধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা।“

হরতালের মধ্যে গাজীপুরে সড়ক, মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চললেও লোকাল বাস চলেছে বলে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান জানান।

তিনি বলেন, “বেলা বাড়ার পর দোকানপাট খুলেছে। সড়ক-মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থায় আছে। রেলপথে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।“

জেলার মাওনা হাইওয়ে থানার এসআই ইসমাইল হোসেন বলেন, “সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যানবাহন খুব একটা দেখা যায়নি। তবে এ মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক লোকাল বাস চলছে।“

সালনা হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহমদ বলেছেন, লোকাল বাস চলাচল স্বাভাবিক থাকায় গাজীপুরে পোশাক শ্রমিকসহ সব শ্রেণি পেশার মানুষের গন্তব্যে যেতে সমস্যা হয়নি। 

সড়ক পরিস্থিতি ‘স্বাভাবিক রয়েছে’ মন্তব্য করে র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত বলেন “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের টহল জোরদার করা হয়েছে।”

আরও পড়ুন:

পুরনো খবর:

হরতালের আগের রাতে গাজীপুরে বাস ও বাইকে আগুন