২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলমডাঙ্গায় শিক্ষককে পেটানোর মামলায় কারাগারে কৃষক লীগ নেত্রী

সামশাদ রানুর ভাষ্য, প্রখর রোদে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়; তাদের জন্য শ্রেণিকক্ষ খুলে দিতে বললে প্রধান শিক্ষক তার সঙ্গে খারাপ আচরণ করেন।

আলমডাঙ্গায় শিক্ষককে পেটানোর মামলায় কারাগারে কৃষক লীগ নেত্রী

চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সামশাদ রানুকে বুধবার পুলিশ গ্রেপ্তার করে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2023, 06:14 PM

Updated : 08 Jun 2023, 06:21 PM

চুয়াডাঙ্গায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক কৃষক লীগ নেত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চুয়াডাঙ্গার বিচারিক হাকিম রিপন হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন।

সামশাদ রানু নামের এই নেত্রী জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বুধবার সন্ধ্যায় সামশাদ রানুর বিরুদ্ধে থানায় মামলা করেন আলমডাঙ্গা সরকারি বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। ওইদিন রাত ৮টার দিকে আলমডাঙ্গা শহরের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলায় সামশাদ রানুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও মারধরের অভিযোগ আনা হয় বলে ওসি জানান।

ওসি বিপ্লব জানান, বৃহস্পতিবার রানুকে আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।  

প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান অভিযোগ করেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিদ্যালয়ে আসার পরপরই আগে থেকে সেখানে থাকা সামশাদ রানু তাকে মারধর শুরু করেন।

“তিনি আমার জামার কলার চেপে ধরে টানাহেঁচড়া করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।”

অভিযোগ প্রসঙ্গে সামশাদ রানু বলেন, প্রখর তাপদাহের মধ্যে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের সকাল ৯টার পর থেকে মাঠে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। তাদের বসার জন্য শ্রেণিকক্ষ খুলে দেওয়া হয়নি।

“আমি শ্রেণিকক্ষ খুলে দিতে বললে প্রধান শিক্ষক বলেন–‘এ দায়িত্ব আমার না’; তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন।”

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন জানান, বুধবার বিদ্যালয়ে অষ্টম, নবম ও দশম শ্রেণির অর্ধবার্ষিক এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন পরীক্ষার দিন ছিল। মূল্যায়ন পরীক্ষা নিতে দেরি হচ্ছিল। ওই সময় অনেক শিক্ষার্থী মাঠে অপেক্ষায় ছিল।

এ ব্যাপারে জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার বলেন, সামশাদ রানু জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক। দল তার ব্যক্তিগত কার্যকলাপের দায়ভার নেবে না।