সড়কের পাশে দাঁড়িয়ে ছিল অটোরিকশা, ট্রাকের ধাক্কায় নিহত ২
একজন ঘটনাস্থলে, আরেকজন হাসাপাতালে মারা যান বলে পুলিশ জানায়।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উত্তর সুহিলপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান।
নিহতরা হলেন, জেলা শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকার নোয়াব আলির ছেলে আব্দুল হাই (৫০) ও সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের আবু মিয়ার ছেলে জুনায়েদ (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহর থেকে একটি অটোরিকশা চার যাত্রী নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে খাঁটিহাতার দিকে যাচ্ছিল। আরেকজন যাত্রী তুলতে পথে উত্তর সুহিলপুর সড়কের পাশে দাঁড়ায় অটোরিকশাটি।
এসময় একটি ট্রাক পেছন থেকে সেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আব্দুল হাই মারা যান।
এতে আহত তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জুনায়েদ নামে আরও একজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় ও আরেকজনের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
নিহতদের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
