২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মেরাজুল হত্যার আসামি ২০, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সিটির মামলায় ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়াকে হুকুমের আসামি করা হয়েছে৷

নারায়ণগঞ্জে মেরাজুল হত্যার আসামি ২০, গ্রেপ্তার ২

মো. মেরাজুল ইসলাম।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 08:02 PM

Updated : 05 Apr 2023, 08:15 PM

নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে মেরাজুল ইসলাম হত্যার ঘটনায় সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে মেরাজুলের মা নাছরীন বাদী হয়ে বন্দর থানায় এই মামলা দায়ের করেন।

মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শাহীন মিয়াকে হুকুমের আসামি করা হয়েছে৷

মামলায় এই কাউন্সিলরসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

অপর আসামিরা হলেন বন্দরের চিনারদীর শাহ্ আলমের ছেলে আকিব হাসান রাজু ওরফে বা চুইল্লা রাজু (৩৪), ছালেহনগরের খলিলুর রহমানের ছেলে সোহেব ওরুফে সৌরভ (২৮), নূর হোসেনের দুই ছেলে সাখাওয়াত হোসেন পিংকি (৩৮) ও বাবু (৪৫), আব্দুল জলিলের ছেলে ফয়সাল ওরফে রবিন (৩০), মৃত শামসুদ্দিন প্রধানের ছেলে কাজল প্রধান (৪৮), মৃত মুছা মিয়ার ছেলে মাসুদ ওরুফে মাইচ্ছা (৪৮), তোতা মিয়ার ছেলে নাদিম (৩৭), রূপালী আবাসিক এলাকার বাকি মিয়ার ছেলে মানিক (৩৫), একই এলাকার মৃত সোয়েব আলী বেপারীর ছেলে আব্দুর রব (৫৫), মৃত মুছা মিয়ার ছেলে স্বপন (৪৮), সোবহান মিয়ার ছেলে বিল্লাল হোসেন বিল্লু (৩৩) এবং মৃত কুদ্দুস মিয়ার ছেলে রানা ওরুফে কাইল্লা রানা (৩২)৷

গত সোমবার সন্ধ্যায় একদল লোক মেরাজুল ইসলামকে (২৮) তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কুপিয়ে কুপিয়ে হত্যা করে।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ১

মামলায় বাদীর অভিযোগ, গত ৩ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার বড় ছেলে মেরাজুল ইসলাম নিজ ব্যবসা প্রতিষ্ঠান আয়মান ইঞ্জিনিয়ারিংয়ে অবস্থানের সময় আসামিরা পূর্ব শত্রুতার জেরে দেশীয় ধারালো অস্ত্রসহ হামলা করে। স্থানীয় কাউন্সিলর শাহীন মিয়ার হুকুমে আকিব হাসান রাজু তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে বাদীর ছেলেকে হত্যার উদ্দেশে হাতে-পায়ে ও মাথায় এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। অন্য আসামিরাও আঘাত করে মেরাজুলকে মাটিতে ফেলে দেয়৷ তখন আকিব হাসান রাজু তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়া মৃত্যু নিশ্চিত করার জন্য মেরাজুলের পেটে কোপ দিয়ে নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে৷

মামলায় আরও বলা হয়, মেরাজুলকে রক্ষা করতে এগিয়ে আসলে তার বন্ধু আল আমিনকেও কোপায় আসামিরা৷ আসামিরা আহতদের মৃত্যু নিশ্চিত করতে পেটে, পিঠে, বুকে কিলঘুষি ও লাথি মারে৷ আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেরাজুলকে রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করে৷

এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক৷

তিনি বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় কাউন্সিলরসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা৷ এ মামলায় আব্দুর রব ও স্বপন নামে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তারের পর বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে৷

এদিকে এই হামলার ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন কাউন্সিলর শাহীন মিয়া৷

বুধবার ভোররাতে নিজের ফেইসবুকে একাউন্ট থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমার কোনো আত্মীয়-স্বজন এ ঘটনায় জড়িত থাকলে তাদের শাস্তি দাবি করছি৷ কিন্তু আমাকে এ মামলায় ফাঁসানো হয়েছে৷”

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মেরাজুল ও আল আমিন গত ১৩ মার্চ চিনারদীর আকিব হাসান রাজু ওরফে চুইল্লা রাজু এবং নূরবাগের রাজু আহমেদ ওরফে স্ট্যান্ড রাজুর সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন৷

ওই সংঘর্ষের পর উভয়পক্ষ দুটি মামলা করে থানায়৷ আকিব হাসান রাজুর পক্ষের মামলায় নিহত মেরাজুল সাত নম্বর এবং আহত আলামিন পাঁচ নম্বর আসামি ছিলেন৷ সম্প্রতি হাই কোর্ট থেকে জামিন নেওয়ার পর এলাকায় ফিরলে গত সোমবার সন্ধ্যায় তাদের উপর হামলা হয়।

এদিকে, মেরাজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতে তার পক্ষের লোকজন প্রতিপক্ষের উপর হামলা ও স্থানীয় কাউন্সিলরের বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর করে৷