২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ১

সম্প্রতি একটি সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি ছিলেন মেরাজুল ও আল আমিন৷ সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন নিয়ে তারা এলাকায় ফিরেছেন।

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ১

মো. মেরাজুল ইসলাম।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 12:08 PM

Updated : 04 Apr 2023, 12:08 PM

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ২১ নম্বর ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক। 

নিহত মো. মেরাজুল ইসলাম (২৮) বন্দরের ছালেহনগর এলাকার আজহারুল ইসলামের ছেলে৷ আহত আল আমিন (২৭) রুপালী আবাসিক এলাকার জাভেদ মিয়ার ছেলে৷ 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাতে পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার সন্ধ্যায় ইফতারের সময় রূপালী আবাসিক এলাকায় মেরাজের ওয়ার্কশপে ধারালো অস্ত্রসহ একদল দুর্বৃত্ত ঢুকে তাকে ও তার বন্ধুকে কুপিয়ে জখম করে৷ গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মেরাজ সেখানে মারা যায়৷ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেরাজুল৷ আলা আমিন নামে অপরজন চিকিৎসাধীন আছেন৷ 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র বলছে, গত ১৩ মার্চ বন্দরের নূরবাগ এলাকার রাজু আহমেদ ওরফে স্ট্যান্ড রাজু এবং চিনারদী এলাকার আকিব হাসান রাজু ওরফে চুইল্লা রাজু বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। 

সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি ছিলেন মেরাজুল ও আল আমিন৷ সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন নেবার পর তারা এলাকায় ফিরেছেন।

ওই সংঘর্ষের জের ধরেই স্থানীয় সোয়েব ও রবিনের নেতৃত্বে মানিক, রানা ও নাদিমসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্রসহ মেরাজুল ও আলামিনের উপর হামলা চালায় হয় বলে অভিযোগ নিহতের স্বজনদের৷

নিহতের ভাই মো. সম্রাট বলেন, “হামলাকারীদের মধ্যে কাউন্সিলরের আত্মীয়-স্বজনও আছে৷ ওদের সাথে ড্রেজার ব্যবসা নিয়া আমার ভাইর ঝগড়া ছিল৷ হামলা যারা করছে তাদের কয়েকজনের মুখ বাঁধা ছিল বলে যারা দেখছে তারা কইছে৷” 

এদিকে মেরাজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতে তার পক্ষের লোকজন প্রতিপক্ষের উপর হামলা এবং স্থানীয় কাউন্সিলরের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহীন মিয়া বলেন, “আমি হামলার খবর কিছুই জানি না৷ আমার পাশের বাড়ি সোয়েব ও রবিনদের৷ ওরা সম্পর্কে আমার চাচাতো ভাই৷

“ওরা চুইল্লা রাজুর পক্ষের লোকজন৷ দুই রাজুর মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব৷ ওই দ্বন্দ্বের জেরেই এটা ঘটছে বলে শুনতেছি৷ 

“কিন্তু এ ব্যাপারে অযথাই জড়িয়ে রাত দশটার দিকে আমার বাড়িঘরে হামলা করছে স্যান্ড রাজুর লোকজন৷ নাদিম নামে একটা ছেলেকেও তারা কুপিয়েছে বলে শুনেছি৷” 

সন্ধ্যার ওই হামলার ঘটনার পর থেকে বন্দরের রূপালী আবাসিকসহ আশেপাশের এলাকাগুলোতে থমথমে পরিবেশ বিরাজ করছে৷ 

রাত সাড়ে ১১টায় বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, “এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷ ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে৷ ” 

হতাহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন৷ তবে এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।