২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মরদেহের ময়নাতদন্তের সময় পেটে মিলল আট পোঁটলা ইয়াবা

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেটে ইয়াবার পোঁটলা ফেটে যাওয়ায় বিষক্রিয়ায় যুবকের মৃত্যু হয়েছে।“

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 07:18 PM

Updated : 04 Apr 2023, 08:58 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবকের মরদেহ ময়নাতদন্তকালে পেটে মিলেছে আট পোঁটলা ইয়াবা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত উদ্ধার মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারি (৩০) রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার মৃত মান্নান ব্যাপারীর ছেলে। 

সোমবার রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যাডেবা নামক এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

পুরনো খবর:

‘পেটের ভিতর ইয়াবা বহনের' আলামত, রক্তাক্ত মরদেহ উদ্ধার

চিকিৎসক আশিকুর বলেন, “দুপুরে পুলিশ মরদেহ হাসপাতালে আনে। ময়নাতদন্তে যুবকের পেটে স্কচ টেপ ও কনডম দিয়ে মোড়ানো অবস্থায় আট পোঁটলা ইয়াবা পাওয়া গেছে। এর মধ্যে ২-৩টি পোটলা গলিত অবস্থায় পাওয়া যায়। এ কারণে ইয়াবার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। এগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেটে ইয়াবার পোঁটলা ফেটে যাওয়ায় বিষক্রিয়ায় যুবকের মৃত্যু হয়েছে। যুবকের অন্ত্র (পাকস্থলী থেকে পায়ু পর্যন্ত লম্বা পেঁচানো নালি) ফেটে গেছে।”

টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যাডেবা এলাকার শান্তি দেবীর বাসার একটি অংশের রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই অংশটি ভাড়া নিয়েছিলেন অটোরিকশাচালক মোহাম্মদ আজিজ।

আড়াই বছর আগে তিনি বাসাটি ভাড়া নেন। তবে বাসায় আজিজ ছাড়া পরিবারের অন্য কেউ থাকত না। মাসুদ রানা মাঝেমধ্যে বাসাটিতে আসা-যাওয়া করতেন।  ঘটনার পর থেকে আজিজ পলাতক রয়েছে। বাসাটির মালিকের ছেলে সুমন দেবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

তিনি আরও জানান, এ ব্যাপারে নিহতের স্বজনদের লিখিত অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।