২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেটের ভিতর ইয়াবা বহনের' আলামত, রক্তাক্ত মরদেহ উদ্ধার

“অতিরিক্ত ইয়াবার পোটলা গিলে খাওয়ায় অথবা পেটের ভেতরে পোটলা খুলে গিয়ে তার মৃত্যু হয়েছে" বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 01:33 AM

Updated : 04 Apr 2023, 02:10 PM

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেছে। তার ‘পেটের ভেতর ইয়াবা বহনের' কিছু আলামত পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। 

সোমবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যাডেবা এলাকায় মৃতদেহটি পাওয়া যায় বলে টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান। 

মৃত মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারি (৩০) রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরের প্রয়াত মান্নান ব্যাপারীর ছেলে। 

ওসি আব্দুল হালিম বলেন, সোমবার রাতে রুহুল্ল্যারডেবায় এক ব্যক্তির বসত ঘরে একজনের মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় শান্তি দেবীর মালিকাধীন মোহাম্মদ আজিজের ভাড়া ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে।  

"তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা গেছে। মৃতদেহের পাশে কিছু কলার খোসা ও ইয়াবা সেবনের ফয়েল পেপার পাওয়া গেছে।" 

ওসি বলেন, "পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পেটের ভেতরে স্কচস্টেপ মোড়ানো ইয়াবার পোটলা গিলে খেয়ে পাচারের উদ্দেশে মাসুদ রানা সেখানে অবস্থান করছিল। উদ্ধার করা আলামতগুলো ইয়াবা গিলানোর কাজে ব্যবহৃত হত। অতিরিক্ত ইয়াবার পোটলা গিলে খাওয়ায় অথবা পেটের ভেতরে পোটলা খুলে গিয়ে তার মৃত্যু হয়েছে।" 

তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান আব্দুল হালিম। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, আড়াই বছর আগে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মাঝেরপাড়ার অটোরিকশা চালক মোহাম্মদ আজিজ বাসাটি ভাড়া নেন। বাসায় আজিজ ছাড়া পরিবারের অন্য কেউ থাকতেন না। আর মাসুদ রানা মাঝে মধ্যে বাসাটিতে আসা-যাওয়া করতেন। 

ঘটনার পর থেকে ভাড়াটিয়া মোহাম্মদ আজিজ পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিকের ছেলে সুমন দেবকে থানায় নিয়ে গেছে পুলিশ।  

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।