মোহাম্মদপুরে চাপাতি হাতে মোবাইল ফোন ছিনতাই, যুবক আটক
চার যুবক চাপাতি হাতে এক দম্পতিকে ঘিরে ধরে তাদের দুটি আইফোন ছিনিয়ে নেয়।
ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে চাপাতি হাতে এক দম্পতির কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর থেকে তাকে আটকের কথা জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম।
মানিক মিয়া (২৩) নামে ওই যুবকের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে চার যুবক চাপাতি হাতে এক দম্পতিকে ঘিরে ধরে তাদের দুটি আইফোন ছিনিয়ে নেয়। ওই ঘটনার সিসিটিভি ভিডিও ছড়িয়ে পড়ে।
ওসি আব্দুল হালিম বলেন, “ভিডিওর সূত্র ধরে মানিক মিয়াকে শনাক্ত করে আটক করা হয়। তার দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় দেখা গেছে, মোবাইল ফোনের বর্তমান অবস্থান কাফরুল এলাকায়।”
তিনি বলেন, মোবাইল ফোন দুটি উদ্ধারে চেষ্টা চলছে। ভুক্তভোগীদের থানায় গিয়ে অভিযোগ দিতে বলা হয়েছে।
