১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাড়ির ভেতর থেকে ছোঁ মেরে ফোন নিয়ে পালিয়ে যায় একটি ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 12:06 AM

Updated : 12 Nov 2026, 12:06 AM

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে ফোনটি নিয়ে যাওয়া হয় বলে এক ফেইসবুক পোস্টে তথ্য দিয়েছেন তিনি।

আসিফ নজরুল লেখেন, “আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭.৩০ এর দিকের ঘটনা।”

ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে ওই পোস্টে তিনি লিখেছেন, “এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে বা অন্য যে কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, হুমকি দেয় বা সন্দেহজনক কিছু লেখে, তাহলে সেটা এড়িয়ে যাবেন।”

পোস্টের শেষে তিনি লিখেছেন, “দোয়া করবেন ফোনটা যেন উদ্ধার হয়। নিজের উপর খুব বিরক্ত হয়ে আছি।”

এদিকে আসিফ নজরুলের মোবাইল ছিনতাইয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে ধানমন্ডি থানার ওসি এমদাদুল হক তৈয়ব বলেন, “সোবহানবাগ এলাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে মোবাইল ছিনতাইয়ের খবর জানতে পেরেছি। তবে এটি শেরেবাংলা নগর থানা এলাকায় পড়েছে। আমরা এ ব্যাপারে দুই থানা মিলে সমন্বয় করে কাজ করছি।”

শেরেবাংলা নগর থানার এসআই সঞ্জীব চৌধুরী বলেন, “কিছুক্ষণ আগে আসিফ নজরুল স্যারের মোবাইল ছিনতাই হওয়ার খবর পেয়েছি। আমরা এ নিয়ে কাজ করছি।”

তবে এ ব্যাপারে আসিফ নজরুলের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়েরের খবর মেলেনি।