১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

তিন দিনেও উদ্ধার হয়নি আসিফ নজরুলের মোবাইল, ‘খুব কাছে গিয়েও’ এসআরবির হাতছাড়া

“মিরপুরে স্যারের মোবাইলের খুব কাছাকাছি আমরা ছিলাম। ২২০ মিটার দূরে, চেষ্টা চলছিল।”

তিন দিনেও উদ্ধার হয়নি আসিফ নজরুলের মোবাইল, ‘খুব কাছে গিয়েও’ এসআরবির হাতছাড়া

আসিফ নজরুল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 01:18 PM

Updated : 13 Nov 2026, 01:18 PM

‘খুব কাছাকাছি গিয়েও’ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে না পেরে হতাশ স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান- এসআরবি।

তারপরও আশা ছাড়েননি জানিয়ে এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এসআরবির এই কর্মকর্তা বলছেন, বুধবার গাড়ির জানালা দিয়ে ছিনতাই হওয়া আসিফ নজরুলের মোবাইল ফোনটি বৃহস্পতিবার সকালেও চালু ছিল।

“মিরপুরে স্যারের মোবাইলের খুব কাছাকাছি আমরা ছিলাম। ২২০ মিটার দূরে, চেষ্টা চলছিল।

“কিন্তু দূর্ভাগ্য আর মিস কমিউনিকেশন বলতে হবে, এই ফাঁকে আসিফ নজরুল স্যার নতুন একটি সিম কিনে ফেলায় আগের সিমটি বন্ধ হয়ে গেলে হারিয়ে যাওয়া মোবাইলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।”

আসিফ নজরুল গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির দিক থেকে নিউ মার্কেট এলাকার দিকে যাওয়ার সময় সোবহানবাগ এলাকায় তার মোবাইলটি ছিনতাই হয়। গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে ফোনটি নিয়ে যাওয়া হয়।

ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। সেই মামলার সূত্র ধরে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং এসআরবি তদন্তে নামে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। আমাদের পাশাপাশি অন্যান্য সংস্থাও মোবাইল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।"

আসিফ নজরুলের মোবাইলটি আইফোন হওয়ায় তা পেতে একটু সময় লাগতে পারে বলে ধারণা তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের।

২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির রাস্তায় গাড়ির খোলা জানালা দিয়ে তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইলও একইভাবে ছিনতাই হয়। ছিনতাইকারীরা গাড়িতে বসে থাকা মন্ত্রীর হাত থেকে তার আইফোনটি ছোঁ মেড়ে নিয়ে চম্পট দেয়।

ওই এলাকায় কোনো সিসি ক্যামেরা না থাকায় পুলিশ তখন ঘটনার ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা পায়নি। প্রায় দেড় মাস পর ১৯ জুলাই আরেকটি ছিনতাইয়ের মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ বেশ কিছু মোবাইল উদ্ধার করে। সেখানেই পাওয়া যায় এম এ মান্নানের সেই মোবাইল।

উপকমিশনার ইবনে মিজান বলছেন, আসিফ নজরুলের মোবাইল যে এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তার কাছাকাছি ভালো সিসিটিভি ভিডিও মেলেনি। ভিডিও সংগ্রহের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কার্যকর কোনো অগ্রগতি হয়নি।

ছিনতাইয়ের ঘটনার পর আসিফ নজরুল তার ফেইসবুক পোস্টে লেখেন, “আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে।”

ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে ওই পোস্টে তিনি লেখেন, “এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে বা অন্য যে কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, হুমকি দেয় বা সন্দেহজনক কিছু লেখে, তাহলে সেটা এড়িয়ে যাবেন।”

পোস্টের শেষে সাবেক এই উপদেষ্টা লেখেন, “দোয়া করবেন ফোনটা যেন উদ্ধার হয়। নিজের উপর খুব বিরক্ত হয়ে আছি।”

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনের শফিকুল ইসলাম বলেন, “সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল উদ্ধারে আমরা কাজ করছি। কিছু সিসিটিভি ভিডিও পাওয়া গেলেও তা স্পষ্ট নয়।"

তবে থানা, গোয়েন্দা পুলিশ আর এসআরবির তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এখন মোবাইল ছিনতাই হলে সাধারণত দ্রুত তা খুলে ফেলে যন্ত্রাংশগুলো আলাদা করে ফেলা হয়। ফলে মোবাইল পাওয়া খুব কঠিন হয়ে পড়ে।

তবে শফিকুল ইসলাম, নয়মুল হাসান আর ইবনে মিজান আশাবাদী, মোবাইলটি উদ্ধার করা সম্ভব হবে।

পুরনো খবর:

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই