ঠাকুরগাঁও আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীরা জয়ী
রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে আইনজীবীরা ভোট দেন; ১২টি পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিএনপিসমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা জয়লাভ করেছেন।
তিনটি পদে জয়লাভ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
রোববার রাত ৯টার দিকে সমিতি ভবনে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল হামিদ।
ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২টি পদে দুইটি প্যানেলের ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ২২৩ জন ভোটারের মধ্যে ২১৬ জন ভোট দেন।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ জানান, আইনজীবী সমিতির এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১২টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে আবু জাফর সামসুদ্দীন-আনিসুর রহমান খান মিলন ও বিএনপিসমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে আব্দুল হালিম-জয়নাল আবেদীন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আব্দুল হালিম ১৩৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আবু জাফর সামসুদ্দীন পান ৮০ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত জয়নাল আবেদীন ১২৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আনিসুর রহমান খান পেয়েছেন ৮৭ ভোট।
আব্দুল হামিদ বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি মো. নূরুল ইসলাম ও মো. মোবারক হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ফজলে আলম, লাইব্রেরি সম্পাদক মো. ইয়াজুল ইসলাম, কমনরুম অ্যান্ড কালচারাল সম্পাদক মো. শাহজাহান কবির এবং দুই সদস্য মো. আব্দুর রাজ্জাক ও রাহান আলী রায়হান।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে কোষাধ্যক্ষ সম্পাদক পদে জামেদুল হক এবং সদস্য পদে মো. আশিকুর রহমান ও মো. ফেরদৌস হাসান নির্বাচিত হয়েছেন।
