২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে নৌকার পক্ষে থাকতে ২ চেয়ারম্যানকে ওসির হুমকির অভিযোগ

ওসি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2023, 11:06 PM

Updated : 23 Dec 2023, 11:06 PM

নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে দুই ইউপি চেয়ারম্যানকে হুমকির অভিযোগ পাওয়া গেছে ময়মনসিংহের ত্রিশাল থানার ওসির বিরুদ্ধে।

এ ঘটনায় গত বুধবার নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে শনিবার ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান জানান।

অভিযোগ বিষয়ে অবগত আছেন বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা জুয়েল আহমেদ।  

নির্বাচন কমিশনারকে দেওয়া অভিযোগে আনিছুজ্জামান বলেন, সম্প্রতি উপজেলার ১ নম্বর ধানীখোলা ইউপির চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল আহাম্মদ ও ২ নম্বর বৈলর ইউপির চেয়ারম্যান মশিউর রহমান শাহানশাহকে থানায় ডেকে নৌকা প্রতীকের প্রার্থী হাফেজ রুহুল আমীন মাদানীর পক্ষে নির্বাচন করার নির্দেশ প্রদান করেন ওসি কামাল হোসেন।

তা না হলে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হবে বলে হুমকিও দেন ওসি।

অভিযোগে আরও বলা হয়, ওসির নির্দেশে ধানীখোলা ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম ইউনিয়নটির ভোটারদের নৌকায় ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ এবং স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে গ্রেপ্তার করে জেলে ঢোকানোর হুমকি দিয়ে আসছেন।

ধানীখোলা ইউপির চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল বলেন, “গত ১৯ ডিসেম্বর আমার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে একজন লোক মারা যান। এ বিষয়ে খোঁজ নিতে থানায় গেলে ওসি কামাল হোসেন আমাকে জিজ্ঞাসা করেন যে, ‘আপনি কার নির্বাচন করছেন?’ তখন আমি জানাই, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।”

“তখন নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিয়ে তিনি আমাকে বলেন,  ‘আপনাকে দুই দিনের সময় দিলাম, ভেবে আমাকে জানাবেন’।” 

বৈলর ইউপির চেয়ারম্যান মশিউর রহমান শাহানশাহ বলেন, “একটি মামলার বিষয়ে জানতে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যার পর ওসি সাহেবের সাথে দেখা করতে যাই। সেখানে গেলে ওসি বলেন, ‘আপনি তো স্বতন্ত্র প্রার্থীর পক্ষের কাজ করছেন। তা করা যাবে না, আপনাকে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী রুহুল আমিন মাদানীর পক্ষে কাজ করতে হবে। যদি তা না করেন, তাহলে সমস্যায় পড়বেন।’ এই কথা শুনে আমি থানা থেকে বের হয়ে চলে আসি।”

স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান বলেন, “নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও আমার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ত্রিশাল থানার ওসি কামাল হোসেনের বিরুদ্ধে নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিয়েছি। তবে, এ বিষয়ে আপডেট কোনো খবর নির্বাচন কমিশন থেকে জানানো হয়নি।”

ত্রিশাল থানার এসআই আমিনুল ইসলাম বলেন, “বিষয়টি অফিসিয়ালি কেউ আমাকে জানাননি। তবে, অন্য মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনেছি।”

অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে তিনি বলেন, “কারণ, গত ১৫ দিনে আমি তিনদিন ওই ইউনিয়নে গিয়েছি। কারো সাথে নৌকায় ভোট দেওয়া বা নির্বাচনের বিষয়ে আমার কোনো কথা হয়নি। প্রয়োজনে আপনি (প্রতিবেদক) ঘটনাস্থলে গিয়ে যাচাই করে দেখতে পারেন। যদি কেউ আমার বিরুদ্ধে এমন কথা বলে, তাহলে আমি যেকোনো শাস্তি মেনে নেব।”

এদিকে, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে ওসি কামাল হোসেন বলেন, “আমি কাউকে কোনো প্রকার হুমকি বা মামলার ভয়ভীতি দেখাইনি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত আছি। যেহেতু, অভিযোগ নির্বাচন কমিশনার বরাবর দেওয়া হয়েছে। সেহেতু, কমিশনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।”

একই কথা বলছেন জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীও।

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী রুহুল আমিন মাদানীর নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।