১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে স্কুলসহ ভবন দখলের অভিযোগ, ‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজের’ নাম ব্যবহারের দাবি

“প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার স্বামী কামাল হোসেন বরকত। তার ওয়ারিশ সূত্রে এখানের সভাপতি আমি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 03:57 PM

Updated : 15 Nov 2026, 03:57 PM

‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজের’ নাম ব্যবহার করে রাজধানীর মিরপুরে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনসহ পাঁচতলা একটি ভবন দখলের অভিযোগ উঠেছে।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর একটি পক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ভবনটি নিয়ন্ত্রণ নিয়ে দোকানভাড়া আদায় ও অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালনা পর্ষদের সদস্যরা।

তাদের অভিযোগ, দীর্ঘদিনের পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সাবেক সভাপতি ও সদস্যদের হুমকি-ধমকি এবং হয়রানি করা হচ্ছে।

রোববার দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সভাপতি রুনু আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পড়েন প্রতিষ্ঠাতা কামাল হোসেন বরকতের বোন আনোয়ারা খাতুন।

লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৮৮ সালে গণপূর্ত অধিদপ্তরের বরাদ্দ দেওয়া ১৬ কাঠা জমিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সহায়তায় সমাজসেবক ও শিক্ষানুরাগী কামাল হোসেন বরকত দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেন।

শুরু থেকেই বিনা বেতনে শিক্ষাদান এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল।

প্রতিষ্ঠানটির প্রথম সভাপতি ছিলেন বিএনপির সাবেক নেতা ও মিরপুরের সাবেক কমিশনার শওকত আলী মিস্টার। ২০০২ সালে তার মৃত্যুর পর স্ত্রী রুনু আক্তার সভাপতির দায়িত্ব নেন। তিনিও দুইবারের সাবেক কমিশনার।

আনোয়ারা খাতুন বলেন, ২০২৪ সালে জুলাই আন্দোলনে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন।

তবে গণঅভ্যুত্থানের ওই বছরের ২৩ অগাস্ট বিদ্যালয়ের কার্যক্রম চলার সময় বেলা ১১টার দিকে একদল ব্যক্তি প্রধান ফটকের সামনে জড়ো হন। তারা নিরাপত্তাকর্মীকে মারধর করে স্কুলের ভেতরে প্রবেশ করেন।

তার অভিযোগ, ‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজের’ পরিচয় দিয়ে অমিত হাসান, রিফাতুল হক শাওন, মাসুদ রানা, সানজিদ হোসেন, সাদমান হোসেন, আসমা আক্তার পপি, আসাদ কামাল পিটার, বুশরা বিনতে বরকত ও এম এ আরজুসহ কয়েকজন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্যদের ওপর হামলা, মারধর ও গালাগাল করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়।

আনোয়ারা বলেন, ঘটনার পর প্রতিষ্ঠানের ৪৮ জন সদস্যকে বাদ দিয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজের’ নাম ব্যবহার করে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আসমা আক্তার পপিকে সভাপতি এবং আসাদ কামাল পিটারকে শিক্ষা সম্পাদক করা হয়েছে। অথচ তারা স্কুল প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের ২৩ অগাস্ট পর্যন্ত কখনো প্রতিষ্ঠানের সদস্য ছিলেন না।

নতুন কমিটিতে অনেককে তাদের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে বর্তমান পরিচালনা কমিটির সভাপতি আসমা আক্তার পপি সংবাদ সম্মেলনে করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

তিনি বলেন, “প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার স্বামী কামাল হোসেন বরকত। তার ওয়ারিশ সূত্রে এখানের সভাপতি আমি। ওয়ারিশ হলে স্থায়ী সদস্য হওয়ার প্রয়োজন হয় না।”

সংবাদ সম্মেলনে রুনু আক্তার বলেন, বিদ্যালয়ের ভবন ঘিরে থাকা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ভাড়া থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন ব্যয়সহ অন্যান্য খরচ মেটানো হতো। কিন্তু প্রতিষ্ঠানটি দখলের পর দোকানমালিক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ভাড়া আদায় করে আত্মসাৎ করা হচ্ছে।

এছাড়া বিদ্যালয়ের কয়েকটি কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করেন তিনি। ভবনের ছাদে আড্ডা, মাদক সেবন এবং বিভিন্ন ব্যক্তিকে আটকে রেখে মারধরের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন রুনু।

তিনি বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৈধ কাগজপত্র ও দীর্ঘদিনের সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত, মার্কেটের ভাড়া আদায়ের হিসাব প্রকাশ এবং প্রতিষ্ঠানটি আগের বৈধ পরিচালনা পর্ষদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান রুনু আক্তার।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্কুল দখল ও সেখানে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি জানিয়ে দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তারা সহযোগিতা পাননি।

এমন অভিযোগের বিষয়ে দারুস সালাম থানার ওসি মো. দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক পক্ষ থানায় অভিযোগ নিয়ে এসেছিল। আমার যতটুকু মনে পড়ে জিডি নেওয়া হয়েছে। তারা এমন অভিযোগ করল কেন? আমার বোধগম্য নয়।”

বৈষম্যবিরোধী ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্ব আছে বলে জানা যায়নি।

সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্মটির ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সে আন্দোলনের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

সংবাদ সম্মেলনে বলা হয়, রুনু আক্তারসহ অন্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করেছিলেন।

তবে কেন্দ্রীয় নেতারা প্রতিষ্ঠানটি দখলের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কয়েকজনের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, “বিষয়টি সম্পর্কে আমি জানি না। বৈষম্যবিরোধী ছাত্র সমাজ নামে কোনো সংগঠন নেই।

“যেহেতু আমি এ বিষয়ে অবগত নই এবং জড়িতদের চিনতে পারছি না, তাই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।”

সংবাদ সম্মেলনে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনের ৪৮ জন স্থায়ী সদস্যের মধ্যে আনোয়ার হোসেন, লিয়াকত আলী, তাহমিনা হক, মো. ইকবাল হোসেন ও সিদ্দিকুর রহমান সবুজসহ ৩৮ জন উপস্থিত ছিলেন।