কুড়িগ্রামে ‘মানসিক প্রতিবন্ধী’ নারীকে কুপিয়ে হত্যা
রোজিনাকে ধর্ষণের পর মাদকসেবীরা কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা নিহতের পরিবারের।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ‘মানসিক প্রতিবন্ধী’ এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে কুড়িগ্রামের রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিবুল ইসলাম জানান।
নিহত ৪৫ বছর বয়সী রোজিনা বেগম (আজিনা) শৌলমারী গ্রামের রজব আলীর মেয়ে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
রোজিনাকে ধর্ষণের পর মাদকসেবীরা কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা নিহতের পরিবার ও স্থানীয়দের।
মিজানুর বলেন, “প্রায় ৩০ বছর আগে রোজিনার সঙ্গে বড়াইকান্দি গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে রুস্তম আলীর বিয়ে হয়। তাদের সংসার ভালোই চলছিল। কয়েক বছর আগে রোজিনা স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে আসে।
“এর কিছুদিন পর রোজিনা মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। শুক্রবার রাতে রোজিনা বাড়িতে আসেননি।”
পুলিশ জানায়, সকালে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতর বোন গোলেজার বলেন, “আমার বোনকে যারা খুন করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে ফাঁসি চাই।”
এ ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দাবি করেছেন শৌলমারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য কনিকা হান্নান।
সহকারী পুলিশ সুপার মহিবুল সাংবাদিকদের বলেন, “কী কারণে ওই নারীকে খুন করা হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আসল ঘটনা উদঘাটন করে আপনাদের জানানো হবে।“
